Home জাতীয় রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি
জাতীয়

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা-পুলিশ। তাঁদের মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা ও ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। এ ছাড়া কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশ করা হয়।

তবে দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে মনজুর কাদের ভূঁইয়া অভিযোগটি অস্বীকার করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এ ছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন তিনি।

তাঁর বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ডের জাহাজ থেকে বাদ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাহাজের নাম ছিল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...

Related Articles

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

;