সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত দলীয় নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি ১০ সদস্যবিশিষ্ট উক্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে এই বৈঠকে ডাকা হয়নি।
মঙ্গলবার সংসদীয় কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সূচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও আনুষ্ঠানিক পরিচিতি পর্ব শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানগণ তাঁদের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন।
সংসদীয় কমিটি ও জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামকে বৈঠকে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। তবে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এখনও কমিটির সদস্য হিসেবে তাঁর নাম বহাল রয়েছে এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে বাদ দেওয়া হয়নি।
এ বিষয়ে কমিটির সভাপতি ও সংসদ সদস্য বলেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে জানানো হয়েছে উক্ত সদস্য আর দলীয় পরিচয়ে নেই। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে স্পিকারের বিশেষ অনুমতিক্রমে গাজী নজরুল ইসলামকে এই স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকা হয়েছে।
উক্ত বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান ও রোকেয়া বেগম অংশ নেন। এছাড়া সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীকালে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত চিঠির মাধ্যমে এ বিষয়ে সাংগঠনিক অবস্থান জানিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
Leave a comment