রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, ইন্টার্নশিপের ফলাফল নিয়ে শিক্ষককে ধন্যবাদ জানিয়ে মেসেজ দেওয়ার পর শিক্ষক পাল্টা মেসেজ দিলে তাতে তিনি ‘হা হা রিঅ্যাক্ট’ দেন। পরে সার্টিফিকেট নিতে গেলে তাকে জানানো হয়, বিভাগীয় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হবে না।
গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগ রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। অভিযোগে শিক্ষার্থীর বিরুদ্ধে কোর্স শিক্ষকের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সহযোগী অধ্যাপক মাশিয়াত যাহিন বলেন, ঘটনাটি যথাযথ প্রক্রিয়ায় বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রারকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
তবে শিক্ষার্থী মুজিবুর রহমান বলেন, একটি মেসেজের জবাবে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার কারণে সার্টিফিকেট আটকে রাখা হচ্ছে। তিনি বলেন, ইন্টার্নশিপে পাওয়া নম্বর নিয়ে তার কোনো অভিযোগ নেই।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার বলেন, শিক্ষার্থীর বিরুদ্ধে কোর্স শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে। বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে জানানো হয়েছে। সার্টিফিকেট আটকে রাখার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, সাধারণভাবে এভাবে সার্টিফিকেট আটকে রাখা যায় না। তবে তদন্ত কমিটি গঠন করা হলে সাময়িকভাবে সার্টিফিকেট আটকে রাখার সুপারিশ করা যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, অভিযোগটি পাওয়া গেছে এবং বিষয়টি উপ-উপাচার্যের কাছে পাঠানো হবে।
Leave a comment