বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, আল্লাহর আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে।’ এ প্রক্রিয়ায় সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তৈরি করে সমাজকে অশান্তির দিকে ঠেলে দেওয়া হবে না। বিভেদহীন সমাজ বিনির্মাণই ইসলামের শিক্ষা বলে উল্লেখ করেন তিনি।
কওমি মাদ্রাসাসংশ্লিষ্টদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, জামায়াত কওমি জনগোষ্ঠীকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখে না। সংসদে তাদের অধিকার ও প্রতিনিধিত্বের পক্ষে কথা বলাকে দলের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন এবং সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a comment