যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশ একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
বাহরাইন সফরকালে সাংবাদিকদের রুবিও বলেন, “আমাদের আশা, দুই দেশের মধ্যে একটি সমঝোতা অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।”
তবে এই কূটনৈতিক অগ্রগতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের জাওতার ও মাইফাদুন এলাকার মধ্যবর্তী সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত এবং একজন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকে এ পর্যন্ত এটি তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আগের তুলনায় কমে এলেও দক্ষিণ লেবাননে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবেই এ আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: এএফপি
Leave a comment