রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটার ৩৪৯ জন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। সুন্দর একটি নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এ নির্বাচনের দিকে বিশ্ববাসীরও নজর রয়েছে। নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
তিনি বলেন, ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আর এ ধরনের নির্বাচন হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা সংশ্লিষ্ট অনেকেরই নেই। সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও এ ধরনের কার্যক্রমে অভ্যস্ত নন। এরপরও প্রয়োজনীয় সব প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনো ঘাটতি না থাকে।
সিইসি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আলোকে নির্বাচনের কার্যক্রম কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন চললে এক ধরনের ব্যবস্থা এবং অধিবেশন না চললে অন্য ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলছে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন ডাকার প্রয়োজন নেই। শুধু একটি বৈঠক আহ্বান করলেই হবে। নির্বাচনী কর্মকর্তা এ বৈঠক আহ্বান করবেন এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন।
ভোট ও গণনা সরাসরি সম্প্রচার
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার নির্দিষ্ট অংশ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিইসি।
তিনি বলেন, শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলে তখনও সরাসরি সম্প্রচার থাকবে।
সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন বলেও জানান সিইসি। তাঁরা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। কোনো প্রার্থী কত ভোট পেয়েছেন, কতটি ভোট বাতিল হয়েছে—এসব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
Leave a comment