মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ৮ নম্বর রাজিবপুর ইউনিয়ন বাজারে আয়োজিত বিট পুলিশিং ও উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান। সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর অপরাধ ও অনলাইন ক্যাসিনো প্রতিরোধে আলোচনা করা হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মো. সাজ্জাদ রুমন।
সভায় ওসি সাজ্জাদ রুমন বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে। তবে শুধু পুলিশের অভিযান চালিয়ে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদের এগিয়ে এসে পুলিশকে তথ্য ও সহযোগিতা করতে হবে।
কোনো এলাকায় মাদক বিক্রি, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, শিশু-কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, রাজিবপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সভায় রাজিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক, সদস্যসচিব হাফেজ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, রাজিবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন, ইউপি সদস্য আবু কালাম, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
Leave a comment