মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ একদিন ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে গিয়ে চমকে ওঠেন ভারতের রাজস্থানের ২২ বছর বয়সী যুবক সমীর খান। তাঁর হিসাবে জমা হয়েছে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ। তবে বিপুল অঙ্কের এই অর্থ ভোগ করার সুযোগ পাননি তিনি। বরং কারিগরি ত্রুটির কারণে নিজের জমানো টাকাও তুলতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে ‘নির্মল মেডিকেল পয়েন্ট’ নামের একটি ওষুধের দোকানে কাজ করেন সমীর। বুধবার (২৮ অক্টোবর) প্রিপেইড মুঠোফোনে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে অ্যাপ চালু করেন তিনি।
পিন নম্বর দেওয়ার পর প্রথমে হিসাবে কোনো টাকা দেখতে পাননি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়েছে।
লিয়েন আরোপের অর্থ হলো, সংশ্লিষ্ট অর্থের ওপর সাময়িকভাবে উত্তোলন বা ব্যবহারের নিষেধাজ্ঞা। এর ফলে সমীর শুধু ওই বিপুল অঙ্কের অর্থই নয়, নিজের জমানো টাকাও তুলতে পারছিলেন না। তাঁর হিসাবে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল।
বিষয়টি জানার পর নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান সমীর। পরে দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে যোগাযোগ করেন। পুলিশ তাঁদের ব্যাংকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারণে হিসাবটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
পরে ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করলে সমীরের হিসাবের প্রকৃত স্থিতি ফিরে আসে এবং অর্থ ব্যবহারের জটিলতাও দূর হয়।
ঘটনার বর্ণনা দিয়ে সমীর খান বলেন, তাঁর অ্যাকাউন্টে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারেন, ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়েছে। এতে নিজের জমানো টাকাও তুলতে পারছিলেন না। পুলিশ ও ব্যাংকের সঙ্গে যোগাযোগের পর সমস্যার সমাধান হয়।
সমীরের নিয়োগকর্তা ধীরজ শর্মা জানান, জানুয়ারি থেকে তাঁর দোকানে কাজ করছেন সমীর। মাসিক বেতন ১০ হাজার রুপি। ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপের কথা শুনে তিনি বিস্মিত হন।
সূত্র: এনডিটিভি
Leave a comment