Home জাতীয় রাজনৈতিক সংঘাত বাধা হয়ে দাঁড়িয়েছিল ঢাবি ছাত্র তারেক রহমানের শিক্ষাজীবনে
জাতীয়

রাজনৈতিক সংঘাত বাধা হয়ে দাঁড়িয়েছিল ঢাবি ছাত্র তারেক রহমানের শিক্ষাজীবনে

Share
Share

তারেক রহমানের শিক্ষাজীবন নিয়ে আলোচনা ও বিতর্ক নতুন নয়। রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে সমালোচনার অন্যতম বিষয় তাঁর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা সম্পন্ন না করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হয়েও কেন তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করতে পারেননি, সে প্রশ্ন বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য, টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে।

তবে তাঁর শিক্ষাজীবনের এই অধ্যায় বুঝতে হলে সে সময়ের রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হয়। বিশেষ করে আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত এবং দীর্ঘ সেশনজটের প্রভাব পড়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে।

মাধ্যমিক সার্টিফিকেটের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারেক রহমানের বয়স ছিল মাত্র তিন বছর। মুক্তিযুদ্ধের সময় তাঁর মা খালেদা জিয়াকে দুই সন্তানসহ আটক করা হয়েছিল। কৈশোরেই বাবাকে হারান তিনি। পরবর্তী সময়ে পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে তাঁর বেড়ে ওঠা।

১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসনামলে বিরোধী আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তারেক রহমান। সে সময় তাঁর মা খালেদা জিয়াও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলন দমনে তাঁদের একাধিকবার গৃহবন্দী করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাজীবনে তারেক রহমান ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরবর্তী সময়ে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তবে আশির দশকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এরশাদবিরোধী আন্দোলন, রাজনৈতিক সংঘাত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহিংসতার কারণে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এর প্রভাব পড়ে। দীর্ঘ সেশনজটের কারণে অনেক শিক্ষার্থীরই নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করা সম্ভব হয়নি। তারেক রহমানও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন করতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রাজনৈতিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের সাবেক অফিস সহকারী মামুনুর রাশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় ক্যাম্পাসে নিয়মিত ক্লাস হতো না। প্রায়ই আন্দোলন ও সংঘর্ষের ঘটনা ঘটত। গোলাগুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, একবার গোলাগুলির মধ্যে একটি গরুও মারা গিয়েছিল। তখন হলগুলো দখলকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি উত্তপ্ত থাকত। একটি হল এক সংগঠনের নিয়ন্ত্রণে থাকলে অন্য হলের নিয়ন্ত্রণ নিত আরেকটি সংগঠন। এসব সংঘাতের কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষা হতো না।

মামুনুর রাশিদ বলেন, সে সময় ১৯৭৭ সালের একটি পরীক্ষা ১৯৮১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ক্যাম্পাসে চলাচল করতেও শিক্ষার্থীদের ভয় লাগত। এমন পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষাজীবন বজায় রাখা কঠিন ছিল।

১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীও সে সময়ের সেশনজটের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ওই সময় শিক্ষার্থীদের পড়াশোনার মান এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেশনজট ছিল অনেক বেশি। নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষা শেষ করা সম্ভব হতো না। ফলে পড়াশোনার স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হতো।

তারেক রহমান একই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন কি না, সে বিষয়ে জানতে চাইলে হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, ব্যক্তিগতভাবে তাঁর শিক্ষাজীবন সম্পর্কে খুব বেশি জানা নেই। তিনি তখন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাইরের কর্মকাণ্ডে খুব একটা যুক্ত ছিলেন না। তবে ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই পড়াশোনার অনুকূল পরিবেশ ছিল না।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ক্যাম্পাসে সংঘর্ষ ও হল দখলের ঘটনা ঘটত। এক হল থেকে অন্য হলে গোলাগুলির ঘটনাও দেখা গেছে। এসব পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের কোনো সম্পৃক্ততা না থাকলেও পড়াশোনার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হতে হতো।

তারেক রহমানের শিক্ষাজীবন সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী সময় এবং আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক রাজনীতিবিদ ও তাঁদের পরিবারের সদস্যদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির প্রভাব আরও বেশি ছিল।

তিনি বলেন, ‘জিয়া পরিবারের সন্তান হিসেবে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা হয়তো যথাযথভাবে শেষ করা সম্ভব হয়নি। রাজনৈতিক চ্যালেঞ্জ ও রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। তবে এটি এমন আলোচনার বিষয় নয়।’

অধ্যাপক আইনুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও দেখা যায়, রাজনৈতিক নেতৃত্বের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ডিগ্রি অপরিহার্য নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানেও প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত ডিগ্রির বাধ্যবাধকতা নেই। আব্রাহাম লিংকন ও জর্জ ওয়াশিংটনের মতো মার্কিন প্রেসিডেন্টদেরও প্রচলিত অর্থে উচ্চশিক্ষার ডিগ্রি ছিল না।

তারেক রহমানের শিক্ষাজীবন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আইন বিভাগে এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছেন তারেক রহমান। তবে বিভিন্ন কারণে ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন না হওয়াকে কারও শিক্ষা, জ্ঞান বা দক্ষতার অভাবের প্রমাণ হিসেবে দেখা ঠিক নয় বলে মনে করেন তিনি।

তারেক রহমানের সরাসরি শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীও মনে করেন, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি তাঁর শিক্ষাজীবনে প্রভাব ফেলেছিল।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম অস্থিতিশীল। পুরো দেশ তখন রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল। এ পরিস্থিতিকে তিনি ‘টারময়েল’ বা চরম অস্থিরতার সময় হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কারণেই তারেক রহমান স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করতে পারেননি।

নুরুল আমিন ব্যাপারী জানান, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ব্যাপক প্রভাব ছিল। ক্যাম্পাসে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটত। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হতো। এমন পরিস্থিতি পড়াশোনার জন্য মোটেও অনুকূল ছিল না।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হওয়ায় সে সময় তারেক রহমানের জন্য প্রকাশ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন ছিল। তাঁর নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন অস্ত্রের ঝনঝনানি ও গোলাগুলির মতো ঘটনা ঘটত। এমন পরিবেশে নিয়মিত ক্লাস করা তাঁর জন্য খুবই কঠিন ও বিপজ্জনক ছিল।’

সব মিলিয়ে তারেক রহমানের শিক্ষাজীবন নিয়ে আলোচনায় তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি আশির দশকের রাজনৈতিক পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশ এবং দীর্ঘ সেশনজটের বিষয়গুলোও সামনে আসে। তাঁর শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে, সে সময়ের রাজনৈতিক বাস্তবতা তাঁর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন না হওয়ার অন্যতম কারণ ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তা কমেনি। বরং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)...

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

Related Articles

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

;