ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে অপহরণের শিকার হওয়ার পর ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় অবস্থান করছিলেন। অপহরণকারীদের মারধরে আহত হওয়ায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
মনিরুল হক ফরাজীর দাবি, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পর রাত ৯টার দিকে তিনি ঢাকায় ফেরেন। অপহরণকারীরা তাঁর কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে নিজস্ব গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসান।
তাঁর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তাঁরা সড়কে গাছ ফেলে অবরোধ দেখতে পান। কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
মনিরুল হক ফরাজী বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মুঠোফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখে হামলাকারীরা তাঁকে আরও মারধর করে। একপর্যায়ে ময়েন ও হাসানকে ছেড়ে দিয়ে তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়।
মনিরুল হক ফরাজীর দাবি, এরপর তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটতে বাধ্য করা হয়। পরে মুক্তির জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তিনি জানান, অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পরিবর্তন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। তাঁর ভাষ্য, প্রথমে অপহরণকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাঁর সঙ্গে ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। বর্তমানে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা নিয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হয়েছেন—এমন খবর পেয়ে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment