জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে সাথী আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায় সাথী। সেখানে ফুফু কাপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকলেও সাথী নদীতে গোসল করছিল। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর সাথীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন জুমুরী বেগম। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীর পাড়ে ছুটে আসেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে নদী থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।
সাথীর ফুফু জুমুরী বেগম বলেন, সকালে তিনি বাড়ির কাপড় ধুতে নদীতে যান। তাঁর সঙ্গে সাথীও যায়। তিনি কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন, আর সাথী নদীতে গোসল করছিল। কিছুক্ষণ পর তাকে আর দেখতে পাননি। পরে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a comment