Home আঞ্চলিক বান্দরবানে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ফজিলাতুননেসার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বান্দরবানে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ফজিলাতুননেসার

Share
Share

পরিবার নিয়ে পাহাড় দেখতে যাচ্ছিলেন তারা—কিন্তু আনন্দযাত্রা পরিণত হলো শোকে। চট্টগ্রামের পটিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ফজিলাতুননেসা (২৮) নামে এক নারী। তবে দুর্ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তার স্বামী ও ছয় বছর বয়সী সন্তান।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতলের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুননেসা মাগুরার মহম্মদপুর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার স্বামী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামে বেড়াতে আসেন ফজিলাতুননেসা। তারা নগরের বহদ্দারহাট এলাকায় এক বন্ধুর বাসায় রাতযাপন করেন। সোমবার সকালে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশে রওনা দেন তিনজন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াহাট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি লেগুনা সড়কের মাঝখানে থেমে যায়। পেছন থেকে মোটরসাইকেল চালক আলিমুজ্জামান ব্রেক কষে নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ফজিলাতুননেসা।

ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সরাসরি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফজিলাতুননেসা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিহতের স্বামীর বন্ধু রবিউল ইসলাম। তিনি জানান,“আলিমুজ্জামান আমার বাসাতেই স্ত্রী ও সন্তান নিয়ে ছিলেন। সকালে তারা মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশে বের হন।”

রবিউল বলেন, ফজিলাতুননেসার স্বামী বর্তমানে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে কর্মরত। কর্মব্যস্ততার ফাঁকে স্ত্রী-সন্তানকে নিয়ে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই তারা পাহাড় দেখতে যাচ্ছিলেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত বলেন,“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহত নারীর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান,“দুর্ঘটনায় জড়িত লেগুনা ও বাসের চালক পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল ও নয়াহাট এলাকায় যানবাহনের গতি অত্যধিক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে। অনেক সময় লেগুনা বা বাসের কারণে দুর্ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...

বিনিয়োগ ও রাজস্ব আহরণ নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা–স্বাস্থ্য...