গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
Leave a comment