দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা ছেড়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দিনের সরকারি সফর শেষে শনিবার (৬ জুন) বিদায়ী বার্তায় তিনি বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বকে কঠিন সময়ে পারস্পরিক সংহতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।
বিদায়ী বক্তব্যে হাকান ফিদান বলেন, “তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব এমন দুই জাতির বন্ধুত্ব, যারা শুধু স্বার্থ নয়, বরং কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়ায়। আমরা এই সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক সফরের শেষ গন্তব্য হিসেবে বাংলাদেশ সফরে এসে দেশের উন্নয়ন সম্ভাবনা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে তিনি দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a comment