Home জাতীয় পোশাকশ্রমিক ইউনিয়নের দুই নেতা গ্রেপ্তারে অ্যামনেস্টির উদ্বেগ
জাতীয়

পোশাকশ্রমিক ইউনিয়নের দুই নেতা গ্রেপ্তারে অ্যামনেস্টির উদ্বেগ

Share
Share

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিক ইউনিয়নের আরও দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার অধিকার চর্চার কারণে শ্রমিক ও শ্রমিকনেতারা হয়রানির শিকার হচ্ছেন।

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার এবং হয়রানি বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথভাবে দর-কষাকষির অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কোনো বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটলে শান্তিপূর্ণ অংশগ্রহণকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

অ্যামনেস্টির বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে আটক করেন।

দেশজুড়ে চলমান ন্যূনতম মজুরি আন্দোলন নিয়ে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার কিছুক্ষণ পর তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানিয়েছে, আটকের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কারণ জানাননি।

তবে সংগঠনটির এক প্রতিনিধি পরে অ্যামনেস্টিকে জানান, সাম্প্রতিক মজুরি আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়া এবং একটি কারখানায় ভাঙচুরের অভিযোগে ওই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিবৃতিতে অ্যামনেস্টি আরও জানায়, নভেম্বরের শুরুতে পোশাকশ্রমিকদের বিভিন্ন সংগঠনের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল, এএফডব্লিউএ-বাংলাদেশ উইমেনস লিডারশিপ কমিটির সদস্য ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি এবং গাজীপুর জেলা গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. আলী আজগর।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের গাজীপুরের সেতু শাখার সভাপতি মো. মোরশেদ আলম কাওসার এবং গাজীপুর গার্মেন্টস ওয়ার্কার্সের কেজেকে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. ফুয়াদুর রহমান নির্জন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন এবং ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনার অধিকার সুরক্ষিত রাখা জরুরি। একই সঙ্গে শ্রমিক সংগঠকদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

‘আওয়ামী লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’: প্রতিমন্ত্রী টুকু

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও হত্যার রাজনীতি শুরুর অভিযোগ তুলেছেন মৎস্য ও...

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠানোর অভিযোগ রাশেদ খাঁনের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স...

রাজধানীর বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম...

;