Home সাম্প্রতিক পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষক
সাম্প্রতিক

পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষক

Share
Share

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন। অভিযোগগুলোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না করেই তাঁকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

পদোন্নতি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও পেয়েছেন তিনি।

গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

সভায় দুজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাঁদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে সে সময় থেকেই ক্যাম্পাসে অসন্তোষ তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি বিতর্কের জন্ম দেয়। অভিযোগগুলোর তদন্ত ছাড়াই তাঁকে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাঁদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছেন তিনি।

নূর নবী বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তাঁকেও গুম করানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন বলে মন্তব্য করেন নূর নবী।

উপাচার্যের সমালোচনা করে তিনি আরও বলেন, এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তিনি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে উপাচার্যের দ্বিচারিতা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেন নূর নবী।

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা তাঁরা ভুলে যাননি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, জুলাই আন্দোলনে যাঁদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে, তাঁদের এ ধরনের পদোন্নতি তাঁরা মেনে নেবেন না। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে উপাচার্যকে জানানো হয়েছে। উপাচার্য এটিকে একাডেমিক নিয়মের বিষয় বলে উল্লেখ করেছেন। তবে ছাত্রদল বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

হিমেল আরও বলেন, পদোন্নতির বিষয়টি একাডেমিক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রচলিত নিয়মের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়ে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে।

জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীর নিজের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে তাঁরা মনে করেন। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে পদোন্নতি ও সংবর্ধনা দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

রিয়াজুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিকে স্বৈরাচারবিরোধী কর্মসূচিতে অংশ নিচ্ছে, অন্যদিকে জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা ব্যক্তিদের পদোন্নতি দিচ্ছে। তিনি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পদোন্নতি পুনর্বিবেচনা এবং এ বিষয়ে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায়...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

;