নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি জব্দ ও ওই ব্যক্তিকে আটক করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি নিজের কাছে রেখেছেন। পরে একটি টাস্কফোর্স গঠন করে চক রাজবল্লভ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানান তিনি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment