নওগাঁয় ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় রুহুল আমিনের ভাড়া বাসায় এক ব্যক্তি জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ওই বাসায় অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
Leave a comment