ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর তাঁকে আটক করা হয়।
দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন মমতা। এ সময় তাঁর সঙ্গে আটক হন তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী ওই এলাকায় ধর্না-অবস্থান বা পাঁচজনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। তাঁকে ধর্না প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তিনি রাজি হননি। পরে পুলিশ সদস্যরা এসে তাঁকে প্রিজন ভ্যানে তোলেন।
এদিন দিল্লি পুলিশ কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এই সময়
Leave a comment