Home জাতীয় ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে
জাতীয়

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

Share
Share

 

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ফলে সীমিত আয়ের মানুষের খাদ্যতালিকায় মুরগি রাখাও কঠিন হয়ে পড়েছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, আগস্টের শুরুর দিকে ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। এর আগে ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ফার্মের ডিমের ডজন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো। দাম বাড়ার পর থেকে পণ্য দুটির দাম আর আগের অবস্থায় ফেরেনি।

ব্যবসায়ীদের ভাষ্য, গত পাঁচ-ছয় মাসে অতিরিক্ত গরম, অতিবৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন খামারে মুরগির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে ডিম উৎপাদনকারী মুরগি ও ব্রয়লার—দুই ধরনের মুরগির সরবরাহেই প্রভাব পড়েছে। ক্ষতির পর অনেক খামারি নতুন করে উৎপাদনে না ফেরায় বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। এর সঙ্গে লোডশেডিংয়ের সমস্যাও খামার পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সোনালি মুরগির দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে গতকাল সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে হাইব্রিড সোনালি বা কালারবার্ডের দাম তুলনামূলক কম, প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা।

মাছের বাজারেও বাড়তি চাপ

মাছের বাজারেও স্বস্তি নেই। রুই, কাতলা, পাবদা, তেলাপিয়া ও পাঙাশসহ বিভিন্ন মাছ আগের তুলনায় কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

গতকাল বাজারে চাষের পাঙাশের কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা, আড়াই থেকে তিন কেজি ওজনের রুই ৪০০ টাকা এবং কাতলা ৪২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজিতে তুলনামূলক স্বস্তি

তবে মাছ, ডিম ও মুরগির তুলনায় সবজির বাজার কিছুটা সহনীয়। অধিকাংশ সবজি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অবশ্য বরবটি, বেগুন ও কাঁচা মরিচের দাম এখনো কেজিতে ১০০ টাকার বেশি।

তেল-চিনিতেও বাড়তি খরচ

নিত্যপণ্যের তালিকায় সয়াবিন তেল ও চিনির দামও ক্রেতাদের বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায়। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে।

অন্যদিকে, প্রায় এক মাস আগে খোলা চিনির কেজি ১০৫ থেকে ১১০ টাকার মধ্যে ছিল। এখন রাজধানীর বাজারগুলোতে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা কেজি দরে। মোড়কজাত চিনির কেজি ১২০ টাকা।

সুগন্ধি চালেও বাড়তি দাম

পোলাও চাল ও অন্যান্য সুগন্ধি চালের দামও এখন কেজিতে প্রায় ২০০ টাকার কাছাকাছি। ব্যবসায়ীরা জানিয়েছেন, সুগন্ধি চাল রপ্তানির সুযোগ থাকায় দেশের বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে তাঁরা রপ্তানি কমানোর দাবি জানিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এর প্রভাব খুচরা বাজারে কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে...

Related Articles

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট...

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার...