গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়িটি কার, তা তিনি জানেন না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এই বাড়িতে বসবাস করতেন মোজাম্মেল হক। পরে তিনি গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন আ ক ম মোজাম্মেল হক।
Leave a comment