Home সাম্প্রতিক টুঙ্গিপাড়া থানায় আগুন
সাম্প্রতিক

টুঙ্গিপাড়া থানায় আগুন

Share
Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানায় আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এর আগে বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এবং দেশীয় অস্ত্র হাতে একদল লোক থানার ভেতরে ভাঙচুর করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

স্থানীয় সাংবাদিক মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় এখন কিছুই নেই। শুধু তা-ই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে; যেন বাইরে থেকে কোনো ফোর্স না ঢুকতে পারে।’

এর আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। তাঁদের ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তাঁরা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। দফায় দফায় মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এর আগে টুঙ্গিপাড়ায় একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এদিকে বিএনপির নেতা-কর্মীদের দাবি, উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ তাঁদের।

এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমার বাড়ি নিলফা বাজারের কাছে। বিকেল থেকেই ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী বাজারে জড়ো হন। তাঁরা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান। সন্ধ্যার পর মিছিল নিয়ে তাঁরা আমার বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

1971 Liberation War Imagery, Flares Mark Bangladesh-Pakistan SAFF Semi-Final in Dhaka

A tense SAFF Championship semi-final between Bangladesh and Pakistan at the National Stadium in Dhaka on Saturday (November 14) witnessed dramatic scenes both...

পাকিস্তান ম্যাচে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্যালারিতে বিশাল টিফো

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটবলের গ্যালারিতে তুলে ধরেছেন বাংলাদেশের সমর্থকেরা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের...

Related Articles

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা,...

গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার...

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা...

টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে...

;