আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগান থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে মির্জা আনোয়ারকে আটক করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
ইব্রাহিম সোহেল জানান, যুবদলের নেতা-কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মির্জা আনোয়ারকে আটকের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওতে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তাঁকে আটক করতে দেখা যায়।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনার সময় মির্জা আনোয়ারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, মির্জা আনোয়ারকে আটকের সময় পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ফোন করে তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রবিউল ইসলাম বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’
তবে পুলিশের ওই কর্মকর্তার পরিচয় কিংবা গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে উপস্থিত নেতা-কর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশ দিতেও দেখা যায় রবিউল ইসলামকে। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’
এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
মির্জা আজম জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে তাঁর ভাই মির্জা আনোয়ারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Leave a comment