Home জাতীয় ইসলামী ব্যাংকে দুবাইয়ের বিনিয়োগের অর্থ এসেছিল এস আলমের হিসাব থেকে
জাতীয়

ইসলামী ব্যাংকে দুবাইয়ের বিনিয়োগের অর্থ এসেছিল এস আলমের হিসাব থেকে

Share
Share

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান বিএটি ওয়েলথ ম্যানেজমেন্টের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন এস আলম নামে পরিচিত সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীন। তাঁদের নামে থাকা একটি হিসাব থেকে শেয়ার কেনার অর্থ সরবরাহ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই শেয়ারের মালিকানা ৪ দশমিক ৯৫ শতাংশে পৌঁছায়। এই শেয়ারের ভিত্তিতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়ন দেয় প্রতিষ্ঠানটি। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম।

ডেইলি ওয়াদার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে দুবাইয়ের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিএটি ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩ কোটি ৪২ লাখের বেশি শেয়ার কেনে। সে সময় এটিকে নতুন বিদেশি বিনিয়োগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটির ঋণ বিতরণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন এই বিনিয়োগের বিষয়টি সামনে আসে।

তৎকালীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিনিয়োগটিকে স্বাগত জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, দুবাইয়ে বিএসইসির রোড শোতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল বিএটি। প্রতিষ্ঠানটির এই বিনিয়োগ ছিল পরীক্ষামূলক। পরবর্তী সময়ে আরও বড় বিনিয়োগ আসতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে ডেইলি ওয়াদার হাতে পাওয়া ও যাচাই করা নথিতে দেখা যায়, বিএটির মাধ্যমে শেয়ার কেনার অর্থ এসেছিল সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের নামে থাকা একটি হিসাব থেকে। ২০১৭ সাল থেকেই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম পরিবারের হাতে।

এস আলমের হিসাব থেকে ১৩০ কোটি টাকা

বিএটির ২০২৩ সালের ২৪ মে তারিখের একটি ক্লায়েন্ট স্টেটমেন্টে ৭০০ ২৫৫.৯৯ নম্বরের একটি হিসাবের তথ্য রয়েছে। হিসাবটি সাইফুল আলম ও ফারজানা পারভীনের নামে খোলা হয়েছিল। এতে সিঙ্গাপুরের ৩ জালান মেরলিমাউ ঠিকানা ব্যবহার করা হয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আগের এক প্রতিবেদনে ঠিকানাটিকে এস আলমের বাসস্থান হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৬ এপ্রিল সাইফুল আলমের কাছ থেকে ওই হিসাবে ১ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৮২ ডলার জমা হয়। পরদিন ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৪৪টি ইসলামী ব্যাংকের শেয়ার কেনা হয়। প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৬০ পয়সা। সব মিলিয়ে এ লেনদেনে খরচ হয় ১১১ কোটি ৭০ লাখ টাকা।

এর আগে ১৯ এপ্রিল একই হিসাবে সাইফুল আলমের কাছ থেকে ১১ হাজার ৭১৩ ডলার জমা হয়েছিল। তবে ২৬ এপ্রিলের বড় অঙ্কের অর্থ জমার পরই মূল শেয়ার কেনার লেনদেনটি সম্পন্ন হয়।

বিএটির আরেকটি পোর্টফোলিও প্রতিবেদনে শেয়ার কেনার তারিখ, পরিমাণ ও দাম উল্লেখ রয়েছে। ঢাকায় সে সময় প্রকাশিত বিনিয়োগের তথ্যের সঙ্গে এসব তথ্যের মিল পাওয়া যায়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ২০২৩ সালের ২৩ মে জানিয়েছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের ২ শতাংশের বেশি শেয়ার কিনেছে বিএটি। তখন কয়েকজন ব্রোকার জানিয়েছিলেন, বাংলাদেশে এটিই প্রতিষ্ঠানটির প্রথম ও একমাত্র বিনিয়োগ। ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসানও জানিয়েছিলেন, তিনি এ বিনিয়োগের বিষয়ে জানতেন না।

পাঁচ সপ্তাহ পর আরও ১১২ কোটি টাকার শেয়ার

প্রথম দফায় শেয়ার কেনার পাঁচ সপ্তাহ পর একই হিসাব থেকে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কেনা হয়।

বিএটির ৪ জুনের একটি ট্রেড কনফার্মেশন অনুযায়ী, ওই দফায় আরও ৩ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ার কেনা হয়। প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৬০ পয়সা। ফিসহ এ লেনদেনে খরচ হয় ১১১ কোটি ৭৭ লাখ টাকা।

নথিতে আগের একই ক্লায়েন্ট নম্বর, হিসাবধারী এবং সিঙ্গাপুরের ঠিকানা উল্লেখ রয়েছে। এতে বলা হয়, বিএটি ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এ লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে এজেন্ট হিসেবে কাজ করেছে। বিনিয়োগের ধরন ছিল ‘ডিসক্রিশনারি’, অর্থাৎ ক্লায়েন্টের পক্ষে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিষ্ঠানটির ছিল।

দুই দফার কেনাকাটায় ওই হিসাবে ইসলামী ব্যাংকের মোট ৬ কোটি ৮৪ লাখ ৮১ হাজার ৮৪৪টি শেয়ার জমা হয়। এসব শেয়ারের মূল্য ছিল প্রায় ২২৩ কোটি টাকা। ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৪ দশমিক ২৫ শতাংশ ছিল এই হিসাবের মালিকানায়।

শেয়ার কেনার সময় বদলে যায় পরিচালনা পর্ষদ

শেয়ার কেনার একই সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসে।

২০২৩ সালের জুনে দীর্ঘদিনের তিন করপোরেট শেয়ারহোল্ডার আরমাডা স্পিনিং মিলস, কিংসওয়ে এনডেভার্স ও ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস তাদের শেয়ার বিক্রি করে পরিচালনা পর্ষদ থেকে সরে যায়। জেএমসি বিল্ডার্স ব্যাংকটির ২ দশমিক ০১ শতাংশ শেয়ার কিনে নেয়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে যুক্ত হন আহসানুল আলম। ১৯ জুন তাঁকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এ সময় ব্যাংকটির বিদেশি মালিকানার পরিমাণও বাড়ছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২০ দশমিক ২৩ শতাংশ। জুনে তা বেড়ে দাঁড়ায় ২৪ দশমিক ৪৯ শতাংশে। বিএটির দ্বিতীয় দফার শেয়ার কেনার পরিমাণই ছিল এই বৃদ্ধির প্রায় অর্ধেক।

নভেম্বরে সৌদি আরবের প্রতিষ্ঠান আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে তাদের প্রতিনিধিত্ব প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠানটির হাতে ছিল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ার।

১৯৮৩ সালে সৌদি আরব ও কুয়েতের বিনিয়োগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে ব্যাংকটির প্রায় ৬৩ শতাংশ শেয়ার ছিল মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের হাতে। পরবর্তী সময়ে তাঁদের কয়েকজন শেয়ার কমিয়ে দেন বা পরিচালনা পর্ষদ থেকে প্রতিনিধিত্ব প্রত্যাহার করেন।

৪.৯৫ শতাংশ শেয়ারে পরিচালনা পর্ষদে প্রতিনিধি

২০২৩ সালের শেষ দিকে বিএটি ফাইন্যান্স লিমিটেড নামে পরিচিত হয় বিএটি ওয়েলথ ম্যানেজমেন্ট। প্রকাশ্য নথিতে প্রতিষ্ঠানটির নামে ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দেখানো হয়।

এই শেয়ারের প্রতিনিধিত্ব করতে প্রতিষ্ঠানটি ইউসিফ আবদুল্লাহ আল-রাজিকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এর আগে তিনি সৌদি প্রতিষ্ঠান আল-রাজি কোম্পানির প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন এবং ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

ডেইলি ওয়াদা এ মনোনয়নসংক্রান্ত দুটি নথি পেয়েছে। প্রথমটি ২০২৩ সালের ৩০ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত বিএটি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী। সেখানে আল-রাজিকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে মনোনয়নের সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।

একই দিনে বিএটি ফাইন্যান্সের পক্ষ থেকে ইসলামী ব্যাংককে একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি পাঠানো হয়েছিল ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আহসানুল আলমের কাছে।

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনলাইন সভায় আহসানুল আলমের সভাপতিত্বে ইউসিফ আবদুল্লাহ আল-রাজিকে আবারও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মন্তব্যের জন্য ডেইলি ওয়াদা আল-রাজির সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো জবাব দেননি।

তিন বছর পরও একই হিসাবে ৪.৯৫ শতাংশ শেয়ার

২০২৬ সালের ৩১ মে তারিখের বিএটি ফাইন্যান্সের একটি পোর্টফোলিও প্রতিবেদনে শেয়ারগুলোর মালিকানার বিষয়ে আরও তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে ৭০০ ২৫৫.৯৯ নম্বরের সেই হিসাবের উল্লেখ রয়েছে। হিসাবধারী হিসেবে আবারও সাইফুল আলম ও ফারজানা পারভীনের নাম পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, ওই হিসাবে ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৭৭৮টি শেয়ার ছিল। প্রতিটি শেয়ারের ক্রয়মূল্য দেখানো হয়েছে ৩২ টাকা ৬০ পয়সা।

ইসলামী ব্যাংকের মোট ইস্যুকৃত শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৬৬৮টি। সে হিসাবে সাইফুল আলম ও ফারজানা পারভীনের নামে থাকা হিসাবের শেয়ারের পরিমাণ ব্যাংকটির মোট শেয়ারের ৪ দশমিক ৯৫ শতাংশ।

২০২৩ সালের এপ্রিল ও জুনে দুই দফায় কেনা হয়েছিল ৬ কোটি ৮৪ লাখের বেশি শেয়ার। পরে আরও ১ কোটি ১২ লাখ ৭০ হাজার শেয়ার যুক্ত হয়। তবে অতিরিক্ত শেয়ারগুলো কখন কেনা হয়েছিল, তা ডেইলি ওয়াদার পর্যালোচনা করা নথিতে পাওয়া যায়নি।

সব মিলিয়ে শেয়ারগুলোর ক্রয়মূল্য প্রায় ২৬০ কোটি টাকা। ২০২৬ সালের মে মাসের পোর্টফোলিও প্রতিবেদনে এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ৮০ হাজার ডলার।

এস আলম-সংশ্লিষ্ট শেয়ার জব্দের আওতায় বিএটির শেয়ারও

ইসলামী ব্যাংকের মালিকানা ও ঋণ বিতরণ নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে বিএটির শেয়ারও জব্দ করা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টকে জানিয়েছিল, ইসলামী ব্যাংকের প্রায় ৭২ শতাংশ শেয়ারের সঙ্গে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট হিসাবের যোগসূত্র পাওয়া গেছে। ২২টি প্রক্সি শেয়ারহোল্ডার ও প্রতিষ্ঠানের মাধ্যমে এসব শেয়ার রাখা হয়েছিল।

এ ছাড়া দুটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে থাকা শেয়ারের পেছনেও এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করেছিল সংস্থাটি। এসব শেয়ার যুক্ত করলে এস আলম-সংশ্লিষ্ট মালিকানার পরিমাণ দাঁড়ায় ৮১ দশমিক ৯২ শতাংশ।

পরে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি হাবিবুর রহমান ডেইলি ওয়াদাকে জানিয়েছেন, বিএটি ওয়েলথ ম্যানেজমেন্টের শেয়ারও এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট জব্দ করা শেয়ারের তালিকায় রয়েছে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাগুলো খতিয়ে দেখবে।

ইসলামী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে ডেইলি ওয়াদাকে জানিয়েছেন, বিএটির সঙ্গে এস আলমের যোগসূত্র থাকার বিষয়ে তাঁদের আগে থেকেই সন্দেহ ছিল।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষায় এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে বণিক বার্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ পরে ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

চলতি বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়।

ডেইলি ওয়াদা সাইফুল আলম ও ফারজানা পারভীনের কাছে তাঁদের সিঙ্গাপুরের আইনজীবী প্রতিষ্ঠান ওংপার্টনারশিপের মাধ্যমে বিস্তারিত প্রশ্ন পাঠিয়েছিল। বিএটি ফাইন্যান্সের কাছেও মন্তব্য চাওয়া হয়। তবে কেউই কোনো জবাব দেননি।

সূত্র: ডেইলি ওয়াদা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও বণিক বার্তা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

Related Articles

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের...

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি...

;