মানুষের তাড়া খেয়ে যাঁরা পালিয়ে গেছেন, তাঁরা এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা তৎপরতা চালাচ্ছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, মানুষের তাড়া খেয়ে যাঁরা দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁরা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সরকারকে ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, এসব কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে দেশের শিল্প খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, দেশের জাতীয় শিল্পের উন্নয়নে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। শিল্প খাতের বিকাশে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন বিএনপির এই নেতা।
Leave a comment