দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সন্ত্রাসের রাজনীতির সঙ্গে জড়িত সংগঠনগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দেশের জনগণকে রাষ্ট্রের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। সন্ত্রাসের রাজনীতি করা সংগঠনগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের চেতনাকে ধারণ করে। একই সঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বর্তমান সরকার।
দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি এলেও বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
Leave a comment