আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বলেছেন, দলীয় স্বার্থে আওয়ামী লীগ নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না। ক্ষমতায় না থাকলেও দলটি সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আবিদুল ইসলাম খান।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। আওয়ামী রাজনীতি হচ্ছে খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি।’ ক্ষমতাহীন আওয়ামী লীগকে ক্ষমতাসীন অবস্থার চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেন তিনি।
শরীয়তপুরে যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহীর মৃত্যুর প্রসঙ্গ তুলে ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ইব্রাহিম নিহত হয়েছেন। তাঁর দাবি, আওয়ামী লীগের একটি পক্ষের লোকজনের হামলাতেই ওই যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
আবিদ আরও দাবি করেন, ঘটনার সময় পুলিশ কোনো গুলি চালায়নি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভাঙচুর থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বোঝানোর চেষ্টা করেছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করেন আবিদ। তিনি বলেন, নিরপরাধ কেউ যেন গুলিতে প্রাণ না হারান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পুলিশও সেই নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে আবিদ অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা বিভিন্ন এলাকায় গুপ্ত হামলা, লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যাকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামী লীগের একটি পক্ষ অন্য পক্ষের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের সহিংসতাকেই তিনি দলটির ‘লাশের রাজনীতি’ হিসেবে উল্লেখ করেন।
আওয়ামী লীগের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবিদ বলেন, রাজনৈতিক স্বার্থে যেন কেউ সহিংসতার শিকার না হন, সে বিষয়ে তাঁদের সচেতন থাকতে হবে।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই গণহত্যার ঘটনায় বিচারের রায় কার্যকর করার দাবিও জানান ছাত্রদলের এই নেতা।
তবে শরীয়তপুরে ইব্রাহিম সিপাহীর মৃত্যুর জন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ দায়ী বলে আবিদ যে অভিযোগ করেছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Leave a comment