নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই সময় পুলিশের টহল চললেও কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, সরকারি জরুরি নম্বরে স্মৃতিস্তম্ভে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টহল পুলিশের মাধ্যমে আগুন নিভে যাওয়ার খবর পান। ফলে তাঁদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
এর আগে শুক্রবার মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হওয়ার খবর পাওয়া যায়।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে শহরের হরিশপুর এলাকায় রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকেরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
Prothomalo+1
তবে অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। সাংবাদিকদের তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এ ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, কারও বাড়িতে ভাঙচুরের ঘটনার বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
Leave a comment