রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম মো. আফিক হাসান অভি। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরের দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। বিভাগীয় আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যান ও পিকআপের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি।’ তিনি আরও জানান, একটি ট্রাক আটক করা হয়েছে। সেটি থানায় রয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
Leave a comment