সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাঁর বাসভবনে অভিযান চালাতে যায় শাহজাদপুর থানা পুলিশ। এ সময় স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা জড়ো হয়ে পুলিশকে বাধা দেন। একপর্যায়ে পুলিশ মিরুকে নিয়ে যেতে পারেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান তিনি।
স্থানীয় এক সাংবাদিকের দাবি, পুলিশ মিরুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। তবে স্থানীয় লোকজন মাইকিং করে জড়ো হওয়ার পর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও দাবি করেন ওই সাংবাদিক। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সাংবাদিক ঢাকা পোস্টকে বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পেরেছিল। কিন্তু স্থানীয় লোকজন মাইকিং করে একত্র হওয়ার পর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যরাও আহত হন।
তবে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মিরুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়েছিল। কিন্তু পুলিশের যাওয়ার খবর পেয়ে আগেই পালিয়ে যান তিনি। গ্রামের কিছু লোক পুলিশকে বাধা দিতে জড়ো হয়েছিলেন। তাঁরা সামনে নারীদের রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
মিরুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি না, জানতে চাইলে ওসি বলেন, তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার করতে পারলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে তাঁকে পাওয়া যায়নি। কিছু লোক জড়ো হয়েছিল। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গে কোনো ঝামেলাও হয়নি।
হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ।
Leave a comment