পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালান এবং লক্ষ্য করে গুলি ছোড়েন।
এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে।
তিনি বলেন, গুলিগুলো শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment