ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থার নির্মাণকাজের কারণে মানিকগঞ্জ ও ধামরাইয়ের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া ও শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এতে এসব এলাকার বাসাবাড়ি, শিল্পকারখানা ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা গ্যাস ব্যবহারে সমস্যায় পড়বেন। এ ছাড়া সরবরাহ বন্ধ থাকা এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
Leave a comment