দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটি প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কাকতালীয় নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রকাশের আগে তাঁর কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই তিনি জবাব দেননি বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন।
ফিলিস্তিন ইস্যুতে ডা. শফিকুর রহমানের অবস্থান নিয়েও প্রতিবেদনে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অনেক সরকার ও জনগণের। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।
কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টের বিষয়েও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে সেটি প্রকাশ করা হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে তাঁকে নারীবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়েও প্রতিবেদনে উপস্থাপিত বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, আগের সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও এ বিষয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ওই বিচারপ্রক্রিয়ার রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে উপস্থাপন করে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পুরো প্রতিবেদনটি একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ওই ব্যক্তি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রশংসামূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক বলে জানা গেছে। প্রতিবেদনে তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাঁদের উগ্রবাদী হিসেবে চিত্রিত করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই পুনরাবৃত্তি।
এদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটির প্রকাশকের কাছে একটি ‘কনসার্ন নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)-এর ১২এ ধারায় ন্যাশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে প্রতিবেদনের সাতটি বক্তব্য বা ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো সংশোধন ও প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। তিনি দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতি প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
Leave a comment