চট্টগ্রামের ফটিকছড়িতে লাঠিসোঁটা হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ মিছিল বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল করিম নামের একটি আইডি থেকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা রয়েছে। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে মিছিলের সামনে কয়েকজনকে নেতৃত্ব দিতে দেখা যায়। পেছনে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী অংশ নেন। পুলিশ জানিয়েছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘জুমার নামাজের সময় মিছিলটি হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা নুরুল করিমকে ধরতে এর আগেও অভিযান চালানো হয়েছে। ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a comment