বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন বিরোধীদলীয় নেতা। সেখানে প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
Leave a comment