ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত একটি অনুমতিপত্র সংযুক্ত করা হয়েছে। তবে ওই স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে ই-মেইলে চিঠিটি পাঠান।
চিঠিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনের সর্বশেষ অগ্রগতি এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ওই চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।
এবারের চিঠির সঙ্গে একটি স্বাক্ষরযুক্ত অনুমতিপত্র যুক্ত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্ব করার অনুমতি তাদের রয়েছে।
ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের প্রতিবেদন থেকে তারা জানতে পেরেছে, আগের ই-মেইলটি বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করেছে। তবে ১০ দিন পার হলেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
এ কারণে নতুন করে চিঠি পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, অনুমতিপত্রে শেখ হাসিনার ইংরেজিতে দেওয়া স্বাক্ষর নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি সাধারণত বাংলায় স্বাক্ষর করেন—এমন দাবি তুলে কেউ কেউ স্বাক্ষরটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তবে স্বাক্ষরটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার কি না, সে বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বৈধতা নিয়ে জটিলতা তৈরি হয়।
সর্বশেষ চিঠির মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদনের অগ্রগতি জানতে চেয়েছেন তাঁর আইনজীবীরা।
Leave a comment