আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও হত্যার রাজনীতি শুরুর অভিযোগ তুলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ‘এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, গত দুই দিনে বিএনপির তিন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, দলটির নেতা-কর্মীরা সহিংসতার মাধ্যমে দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন ঘটনার উল্লেখ করে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে।
আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।
টাঙ্গাইলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে চায়। এ কাজে যারা বাধা সৃষ্টি করবে বা সহিংসতায় জড়াবে, তাদের প্রতিহত করা হবে।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Leave a comment