বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিক ইউনিয়নের আরও দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার অধিকার চর্চার কারণে শ্রমিক ও শ্রমিকনেতারা হয়রানির শিকার হচ্ছেন।
এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার এবং হয়রানি বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংস্থাটি বলেছে, শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথভাবে দর-কষাকষির অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কোনো বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটলে শান্তিপূর্ণ অংশগ্রহণকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
অ্যামনেস্টির বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে আটক করেন।
দেশজুড়ে চলমান ন্যূনতম মজুরি আন্দোলন নিয়ে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার কিছুক্ষণ পর তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানিয়েছে, আটকের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কারণ জানাননি।
তবে সংগঠনটির এক প্রতিনিধি পরে অ্যামনেস্টিকে জানান, সাম্প্রতিক মজুরি আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়া এবং একটি কারখানায় ভাঙচুরের অভিযোগে ওই দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিবৃতিতে অ্যামনেস্টি আরও জানায়, নভেম্বরের শুরুতে পোশাকশ্রমিকদের বিভিন্ন সংগঠনের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল, এএফডব্লিউএ-বাংলাদেশ উইমেনস লিডারশিপ কমিটির সদস্য ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি এবং গাজীপুর জেলা গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. আলী আজগর।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের গাজীপুরের সেতু শাখার সভাপতি মো. মোরশেদ আলম কাওসার এবং গাজীপুর গার্মেন্টস ওয়ার্কার্সের কেজেকে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. ফুয়াদুর রহমান নির্জন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন এবং ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনার অধিকার সুরক্ষিত রাখা জরুরি। একই সঙ্গে শ্রমিক সংগঠকদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Leave a comment