রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ১০৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বুধবার রাতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নাম ও পরিচয় প্রকাশ করেছে ডিএমপি।
পুলিশের দাবি, গ্রেপ্তার এই ১৪ ব্যক্তি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a comment