Home আন্তর্জাতিক ট্রাম্প-পুতিনকে নিয়ে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিনকে নিয়ে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট

Share
Share

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আতিথেয়তায় প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে বিশ্বশান্তি ও বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন তিন নেতা।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে কিলিন ভিলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পাঁচ বছরে গড়ানোর কাছাকাছি সময়ে এ বৈঠক হচ্ছে। অন্যদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিশ্বের তিন প্রভাবশালী নেতার এ বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, তিন নেতা নিজেদের প্রভাববলয় ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করতে পারেন। এমনকি ইউক্রেনের ভবিষ্যৎ নিয়েও দেশটির সরকার বা ইউরোপীয় নেতাদের সম্পৃক্ত না করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হতে পারে।

বৈঠকের আগে ট্রাম্প ও সি চিন পিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার কথা রয়েছে। এতে বাণিজ্যিক সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা হতে পারে। তবে এনভিডিয়াকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়টিও আলোচনায় প্রভাব ফেলতে পারে।

বৈঠকের আলোচ্যসূচি নিয়ে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভিন্ন ভিন্ন অবস্থান জানিয়েছে। শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ আলোচনার বিষয় হবে না। পরে ট্রাম্প জানান, এ যুদ্ধ নিয়েও আলোচনা হবে। তবে সি চিন পিং মনে করেন, ইউক্রেন সংঘাত সমাধানের দায়িত্ব চীনের নয়।

ক্রেমলিন জানিয়েছে, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়া কঠিন হবে। বৈঠকটি এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না বলে জানানো হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর অনেকটাই কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছেন পুতিন। বুধবার এপেক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।

পুতিন বলেন, ‘সামরিক ও রাজনৈতিক ঝুঁকি বাড়ছে এমন সময়ে চূড়ান্ত প্রয়োজন হলো—হুমকি বা আলটিমেটামের পরিবর্তে সংলাপ।’

অন্যদিকে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তিন নেতা ‘বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা জোরদার’ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার এ বৈঠক নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই নিজেদের মতো করে পরিচালনা করছেন।’

ইরান যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ

বৈঠকে ইরান যুদ্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক একটি দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

তবে চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল অস্ত্রভান্ডার কমাতে হবে।

ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের কাছে ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছে রয়েছে ৩ হাজার ৮০০টি। চীনের কাছে এখন ৪০০ থেকে ৫০০টি আছে। তবে তারা এগিয়ে আসছে। আগামী ১০ বছরে তারা অনেক দূর এগিয়ে যাবে।’

ট্রাম্প আরও জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করার পরিকল্পনাও রয়েছে তাঁর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও একান্ত বৈঠকে আগ্রহী তিনি। তবে কিম এ সম্মেলনে উপস্থিত নেই।

ট্রাম্পকে জমকালো অভ্যর্থনা

ত্রিপক্ষীয় বৈঠককে চীন কতটা গুরুত্ব দিচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্পকে দেওয়া অভ্যর্থনায়। বুধবার শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই উপস্থিত ছিলেন সি চিন পিং।

কয়েক দশকের কূটনৈতিক রীতির ব্যতিক্রম ঘটিয়ে চীনের প্রেসিডেন্ট নিজে বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান। এ সময় দুই নেতা সংক্ষিপ্ত আলিঙ্গন করেন। পরে লালগালিচা সংবর্ধনা, উচ্ছ্বসিত শিশুদের উপস্থিতি এবং বিমানবাহিনীর উড়োজাহাজের মহড়ার মধ্য দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়।

কয়েক দশকের মধ্যে এই প্রথম চীনের সর্বোচ্চ নেতা কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে গেলেন। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে সি চিন পিংকে একইভাবে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প।

শেনজেন থেকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি বন্ধুত্বের সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক।’

তিনি আরও বলেন, ‘তিনি কখনো কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি। এটি ছিল বড় সম্মানের বিষয়। আমি এর প্রশংসা করি। এটি আমাদের জন্য বড় অর্জন, চীনের জন্যও বড় অর্জন।’

এপেক সম্মেলনে বিশ্বনেতারা

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে সি চিন পিং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়াই এ আলোচনার লক্ষ্য।

অন্যদিকে, পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান চীনের পঞ্চম সর্বোচ্চ পদমর্যাদার নেতা সাই ছি। কূটনৈতিক রীতি অনুযায়ী তাঁকে এ অভ্যর্থনা দেওয়া হয়।

এপেক সম্মেলনে অংশ নেওয়া অন্য বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে এক বছর আগে চীনের অসন্তোষের মুখে পড়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরপর এটিই তাঁর প্রথম চীন সফর। বুধবার তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে টোকিও।

মতপার্থক্য থাকা সত্ত্বেও বৃহস্পতিবার এপেক সম্মেলনে অংশ নেওয়া সব নেতা, এমনকি পুতিনও, একই ধরনের স্কার্ফ পরে সম্মেলনের আনুষ্ঠানিক পারিবারিক ছবিতে অংশ নেন।

ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সম্মেলনে বাণিজ্যনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানোর আহ্বান জানান।

বিশ্লেষকদের ধারণা, সম্মেলনের প্রতিটি আয়োজন বেশ পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তবে ট্রাম্প ও পুতিনের মতো নেতাদের উপস্থিতিতে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক রায়ান হাস এএফপিকে বলেন, চীনের নেতারা সাধারণত কোনো সম্মেলনের আয়োজন করলে প্রতিটি বিষয় আগে থেকেই নির্ধারণ করে রাখেন। এর মাধ্যমে চীনের নেতা নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের ভাবমূর্তি তুলে ধরেন। তবে ট্রাম্প ও পুতিনের মতো নেতারা উপস্থিত থাকলে সবকিছু পরিকল্পনামাফিক রাখা কঠিন হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন।

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক...

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।...

Related Articles

যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত মোকাবিলায় আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান: বিচার বিভাগের প্রধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত...

সম্পত্তির প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের জন্য ব্যয়ের ঘোষণা রজনীকান্তের

নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা...

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রমাণ রয়েছে, দাবি তেহরানের

ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে...

;