Home জাতীয় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ
জাতীয়

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

Share
Share

 

দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি হয়েছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রায় নয় বছর আগে নির্মাণকাজ শুরুর পর গতকাল প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াট করা হয়।

গতকাল বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির সংযোগ স্থাপন করা হয়। ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের জন্য ঘটনাটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক অর্জন।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি। পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে প্রথম ইউনিটকে কয়েক ধাপে কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

প্রকল্প পরিচালক মো. কবির হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটির সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার সংযোগ দেওয়া হবে। দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরীক্ষার সময় টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে। প্রয়োজনে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে। এ ছাড়া পরীক্ষার প্রয়োজনে সাময়িকভাবে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।

পরীক্ষামূলক উৎপাদনের সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। তবে এ পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। আর বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

প্রকল্প পরিচালক বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়া হবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী বছরের জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। তবে পূর্ণ সক্ষমতায় পৌঁছালেও তখনই স্থায়ী বাণিজ্যিক উৎপাদন শুরু হবে না।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে প্রথম ইউনিটকে ১০ মাস পরীক্ষামূলক পরিচালনার মধ্য দিয়ে যেতে হবে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ইউনিটটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) কাছে হস্তান্তর করবে।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব পাবে নির্ধারিত পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, জাতীয় গ্রিডের সঙ্গে প্রথমবারের মতো সংযোগ স্থাপনের কাজ সফল হয়েছে। এ সময় জাতীয় গ্রিড স্থিতিশীল ছিল।

তিনি আরও বলেন, রূপপুর কেন্দ্রের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিডকে প্রস্তুত করা হয়েছে। বাড়তি এই বিদ্যুৎ সরবরাহ দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে।

ছয় দশকের অপেক্ষার অবসান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

কেন্দ্রটিতে ভিভিইআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক চুল্লি রয়েছে। প্রতিটি চুল্লির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু করলেও দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ এখনো চলছে।

প্রথম ইউনিটের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। শুরুতে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন মূলত প্রাকৃতিক গ্যাস, আমদানি করা কয়লা ও ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীল।

প্রকল্প ব্যয় ও বিদ্যুতের দাম নিয়ে প্রশ্ন

বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু হওয়ার এই মাইলফলকের পাশাপাশি প্রকল্পের বাড়তি ব্যয় এবং উৎপাদিত বিদ্যুতের দাম নিয়েও প্রশ্ন রয়েছে।

প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। আগের হিসাবের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। এর অন্যতম কারণ মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশ রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ থেকে অর্থায়ন করা হচ্ছে।

তবে কেন্দ্রটির বিদ্যুতের দাম এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ৭২ পয়সা নির্ধারণের হিসাব করেছিল বিপিডিবি। তবে নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় পর্যালোচনার পর এ দাম বেড়ে প্রায় ১০ টাকা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম এর আগে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, বিদ্যুতের ক্রয়মূল্য চূড়ান্ত করার আগে নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ

বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা শুরু হয়েছিল ছয় দশকেরও বেশি আগে। ১৯৬১ সালে প্রথম এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। ১৯৬৩ সালে পাবনার রূপপুরকে কেন্দ্রটির জন্য নির্ধারণ করা হয়। এরপর কয়েক দফা পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করা হলেও নির্মাণকাজ শুরু হতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

রূপপুর গ্রামের ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আমিরুল ইসলামের কাছে বিদ্যুৎ উৎপাদন শুরুর ঘটনাটি শৈশবের স্বপ্নপূরণের মতো।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই শুনে আসছি, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে। কেন্দ্রটি বাস্তবে রূপ নেবে, এমন স্বপ্ন ছিল আমাদের। এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকার বাসিন্দা হিসেবে আমরা গর্বিত। এখন আমাদের দাবি, যেন সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়।’

এলাকার চায়ের দোকানি মো. মজনু বলেন, শুরুতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছিল। তবে এখন সেই ভয় কেটে গেছে।

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে ভয় কাটিয়ে উঠেছি। এখন এটি নিয়ে আমরা গর্ববোধ করি।’ প্রকল্পটি এলাকার চিত্র বদলে দিয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন।

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক...

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।...

Related Articles

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা...

খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময় বগুড়ায় কেউ রাস্তায় নামেনি: রুমিন

  বিএনপির আন্দোলন-সংগ্রামের ধরন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের...

মোহাম্মদপুরে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী শামীম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮)...

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মাণ করা হবে ২৫৬টি সেতু

নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে মাঝনদীতে খুঁটি না বসিয়ে দেশের বিভিন্ন জেলায়...

;