কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ সময় লাঠিসোঁটার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম দিদারুল আলম (৩৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা জাবেদ আলমের ছেলে।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দিদারুলকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে অন্তত ছয়জন পুলিশ সদস্যের একটি দল অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেপ্তার করে। বিষয়টি জানাজানি হলে কয়েকজন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
এ সময় পেছন থেকে লাঠির আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। একপর্যায়ে তাঁরা মাটিতে পড়ে গেলে হামলাকারীরা হাতকড়াসহ দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল। এ ছাড়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য ছিল বলে দাবি পুলিশের।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল পালানোর চেষ্টা করেছিলেন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। তবে থানায় নেওয়ার আগেই হামলাকারীরা তাঁকে ছিনিয়ে নেন।
আহত এসআই মোহাম্মদ আনোয়ার জানান, দিদারুলকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্যসহ আট থেকে দশজন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
তিনি বলেন, পেছন থেকে লাঠির আঘাতে তিনি মাটিতে পড়ে যান। হামলায় এএসআই বোরহান উদ্দিনও আহত হন। এ সুযোগে হামলাকারীরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
ওসি এ কে ফজলুল হক জানান, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিদারুলকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment