Home খেলাধুলা ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল রবিনিওর ছেলের
খেলাধুলাফুটবল

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল রবিনিওর ছেলের

Share
Share

বাবা একসময় ছিলেন ব্রাজিলের ফুটবলের অন্যতম আলোচিত তারকা। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো ক্লাবে। কিন্তু ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন কারাগারে দিন কাটছে সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিওর। অন্যদিকে তাঁর ছেলে রবিনিও জুনিয়র ফুটবল মাঠে নিজের পরিচয় গড়ে তুলছেন। এবার ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল করেছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

গত সোমবার (১৬ নভেম্বর) বেলেমে পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে প্রথমবার মাঠে নামেন রবিনিও জুনিয়র। অভিষেক ম্যাচে দুই গোল করে নিজের সামর্থ্যের জানান দেন এই তরুণ ফরোয়ার্ড।

২০০৭ সালের ১৭ ডিসেম্বর ব্রাজিলের সান্তোসে জন্ম রবিনিও জুনিয়রের। তাঁর পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র। বাবার পরিচিতির কারণে ফুটবলবিশ্বে তিনি রবিনিও জুনিয়র নামেই পরিচিত।

বাবার পথ অনুসরণ করে ২০২২ সালে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন রবিনিও জুনিয়র। পরের বছর অনূর্ধ্ব-১৭ দলে ডাক পান। ২০২৪ সালে ক্যাম্পেওনাতো পলিস্তা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সান্তোসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই প্রতিযোগিতায় ৯ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন।

২০২৫ সালে সান্তোসের অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পান রবিনিও জুনিয়র। একই বছরের ফেব্রুয়ারিতে তাঁকে মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করে ক্লাবটি। জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর।

সান্তোসের মূল দলে বাবার ব্যবহৃত ৭ নম্বর জার্সি পান রবিনিও জুনিয়র। তরুণ এই ফুটবলারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিও নবায়ন করে ব্রাজিলিয়ান ক্লাবটি।

তবে মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। ক্লাবের কোচ কুকার অধীনে পর্যাপ্ত সময় না পাওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত গত ২ সেপ্টেম্বর ইতালির সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন রবিনিও জুনিয়র। চুক্তিতে তাঁকে স্থায়ীভাবে কেনার সুযোগও রাখা হয়েছে।

জেনোয়ার হয়ে ইতিমধ্যে ইতালিয়ান লিগে অভিষেক হয়েছে তাঁর। ক্লাবটির কোচ ড্যানিয়েলে দে রসি তরুণ এই ফুটবলারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে শারীরিক সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ব্রাজিল না ইতালি, কোন দেশের হয়ে খেলবেন

রবিনিও জুনিয়রের সামনে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও ইতালির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তাঁর মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালির নাগরিকত্ব রয়েছে। সেই সূত্রে ইতালির প্রতিনিধিত্ব করার সুযোগও পেতে পারেন তিনি।

পেরুর বিপক্ষে ম্যাচ শেষে জাতীয় দল বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রবিনিও জুনিয়র বলেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব।’

তবে আপাতত ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার সুযোগ পেয়ে সন্তুষ্ট এই ফরোয়ার্ড। দলের কোচ পাওলো ভিক্টরও তাঁর ওপর আস্থা রেখেছেন।

ছেলের প্রতিভা নিয়ে আশাবাদী সাবেক কোচ

রবিনিও জুনিয়রের ফুটবল প্রতিভার প্রশংসা করেছেন তাঁর শৈশবের কোচ রবসন ফার্নান্দেজ দি অলিভেরা। সান্তোসে যোগ দেওয়ার আগে স্থানীয় ক্লাব পোর্তুয়ারিসে খেলতেন জুনিয়র। সেখানে ‘জুনিনিও’ নামে পরিচিত ছিলেন তিনি।

ব্রাজিলের সাময়িকী ‘প্লাকার’কে দেওয়া এক সাক্ষাৎকারে রবসন জানান, ছোটবেলা থেকেই বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে ব্যতিক্রমী দক্ষতা ছিল রবিনিও জুনিয়রের।

তাঁর মতে, বাঁ পায়ে ড্রিবলিংয়ে রবিনিও জুনিয়র বাবার চেয়েও নিখুঁত। শিষ্যের প্রতিভা দেখে একসময় তিনি রবিনিওকে বলেছিলেন, তাঁর ছেলে বাবার চেয়েও বড় মাপের ফুটবলার হতে পারেন।

কারাগারে বাবা, মাঠে এগিয়ে চলেছেন ছেলে

একসময় ব্রাজিলের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন রবিনিও। জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। খেলেছেন ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবে।

তবে ইতালিতে ২০১৩ সালের একটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন সাবেক এই ফুটবলার। দেশটির আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেন। পরে ব্রাজিলে তাঁর সাজা কার্যকরের সিদ্ধান্ত হয়। ২০২৪ সালের মার্চে গ্রেপ্তার হওয়ার পর থেকে সেখানেই কারাভোগ করছেন তিনি।

বাবার এমন পরিস্থিতির মধ্যেই পেশাদার ফুটবলে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন রবিনিও জুনিয়র। সান্তোস থেকে ইতালির জেনোয়ায় যোগ দেওয়ার পর এবার ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল করলেন তিনি।

বাবার পরিচয়ে ফুটবলজীবন শুরু হলেও নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলার সুযোগ এখন রবিনিও জুনিয়রের সামনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

বাংলাদেশের বিদায়ের পর সাফ ফাইনালের টিকিটের দাম ২০০ টাকা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশ বিদায় নেওয়ার পর ফাইনালের টিকিটের দাম...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেছেন যুব...

মাঠের বাইরেও হিট ‘ব্র্যান্ড বেকহ্যাম’: ২০২৬ বিশ্বকাপ থেকে আয় প্রায় ৫০০ কোটি টাকা

ফুটবলকে বিদায় জানিয়েছেন এক দশকেরও বেশি সময় আগে। তবে মাঠের তারকাখ্যাতিকে কীভাবে...

ব্রাজিলের হয়ে আর মাঠে নামবেন না নেইমার, নিশ্চিত করলেন কোচ আনচেলত্তি

আন্তর্জাতিক ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে ব্রাজিলের জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে...

;