বগুড়ার সান্তাহারে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পা বানু সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফিরছিলেন শিল্পা। এ সময় তিনি মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তাঁর স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসেন। পরে তিনি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment