Home আঞ্চলিক ৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ
আঞ্চলিক

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

Share
Share

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেন তিনি। তবে হুমকির কারণে স্বামীর মরদেহ নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন মিম।

মিম আক্তার জানান, তাঁর ইচ্ছা ছিল স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে দাফন করার। কিন্তু সেখানে মরদেহ নেওয়া হলে পুড়িয়ে ফেলা হতে পারে বলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ কারণে স্বজনেরা মেহেদীর নানার বাড়ির কাছে কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন মিম। এর আগে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বামীর মরদেহ বাড়িতে নেওয়ার অপেক্ষায় নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অবস্থান করছিলেন তিনি।

পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মরদেহ মেহেদীর নানার বাড়ির সামনে নেওয়া হয়। সেখান থেকে প্রায় ৪০০ গজ দূরে সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে নেওয়া হয়। এশার নামাজের পর জানাজা শেষে সিটি করপোরেশনের কবরস্থানে তাঁকে দাফন করার কথা জানান স্বজনেরা।

তবে হুমকির বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের কেউ পুলিশকে হুমকির বিষয়টি জানাননি। বিকেলেই মেহেদীর স্ত্রী ও স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

মেহেদী হাসান ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় তিনি ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

ওই হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে পিটিয়ে গুরুতর আহত করেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে ছিল।

মঙ্গলবার বিকেলে মেহেদীর স্ত্রী মিম আক্তার, খালা শাহিদা আক্তার, ফুফু হেনা আক্তার ও খালাতো ভাই জিসান আহমেদসহ কয়েকজন স্বজন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ গ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।

মিম আক্তারের দাবি, তাঁর স্বামীর পরিবারের সঙ্গে সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ সুরুজ জামান নেন। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড দুটি ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

স্বামী হত্যার ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে মিম বলেন, ‘মামলা করলে তো আর থাকতে দেবে না। পরিস্থিতি ভালো হোক, পরে মামলা করা হবে।’

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মেহেদীর পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

1971 Liberation War Imagery, Flares Mark Bangladesh-Pakistan SAFF Semi-Final in Dhaka

A tense SAFF Championship semi-final between Bangladesh and Pakistan at the National Stadium in Dhaka on Saturday (November 14) witnessed dramatic scenes both...

পাকিস্তান ম্যাচে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্যালারিতে বিশাল টিফো

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামের ইতিহাস ফুটবলের গ্যালারিতে তুলে ধরেছেন বাংলাদেশের সমর্থকেরা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের...

Related Articles

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইয়ের ওপর হামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক...

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

;