রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে যানবাহন থেকে এসব সরঞ্জাম সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
ডিএমপি জানায়, অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এ পরিস্থিতিতে আগামী ১ ডিসেম্বরের আগেই যানবাহন থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরিয়ে ফেলতে মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম লাগানো বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।
Leave a comment