গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি ধরাকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ ও ১৫ নভেম্বরের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। এর জের ধরে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত আটটা পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
Leave a comment