বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণে তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশ-সংশ্লিষ্ট আরও দুই মানবাধিকারকর্মীর নাম রয়েছে। তাঁরা হলেন ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা।
প্রকাশনাটিতে তারেক রহমানের রাজনৈতিক জীবন ও নেতৃত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
নির্বাচনে জয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয় এবং বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
তালিকায় থাকা মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, বিশেষ করে শরণার্থী নারী ও শিশুদের সুরক্ষায় কাজের জন্য তিনি পরিচিত। তাঁদের দুজনকেই সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বিষয়টি বিবেচনা করে প্রতিবছর এ তালিকা তৈরি করা হয়।
তালিকার শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে তারেক রহমান, হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা—তিনজনই ক্রমবিহীন ৪৫০ জনের তালিকায় রয়েছেন। অর্থাৎ তাঁদের নাম তালিকায় থাকলেও নির্দিষ্ট কোনো র্যাঙ্ক দেওয়া হয়নি।
এর আগে ২০২৬ সালের সংস্করণে শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম স্থানে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এবারের সংস্করণে তাঁর নাম নেই।
Leave a comment