গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করা ব্যক্তিদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা এ সভার আয়োজন করেন।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়ম মেনে কাজ করতে কোনো ধরনের প্রভাব বা ক্ষমতা দেখানোর প্রয়োজন হয় না। যারা গোমতী নদীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
অবৈধ ইটভাটার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান এই সংসদ সদস্য। ইটভাটার মালিকদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা নতুন করে অবৈধ ইটভাটা চালু করছেন, তাঁদের স্থাপনা ভেঙে দেওয়া হবে। অবৈধ কোনো স্থাপনা থাকতে দেওয়া হবে না।
রাজনৈতিক বিভেদের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে নির্বাচনের বাইরে বিভাজন হওয়া উচিত অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে সাধারণ মানুষের।
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তোলা হলেও বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না। এসব বক্তব্য গণমাধ্যমেও যথাযথভাবে প্রচার করা হয় না।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে অনেক সময় এমন সব গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর সহজেই ইন্টারনেটে খুঁজে পাওয়া সম্ভব। অথচ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পর্যাপ্ত সুযোগ পাওয়া যায় না।
এদিকে সভায় স্থানীয় বাসিন্দারা গোমতী নদীর ওপর জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের দাবি জানান। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী এলাকার বাড়িঘর প্লাবিত হয়। নদীভাঙনে অনেকে বসতভিটা ও ফসলি জমি হারান। এ সমস্যা সমাধানে গোমতী নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে ‘লুপ কাটিং’ পদ্ধতি প্রয়োগের দাবি জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদের পরবর্তী অধিবেশনে তিনি সেতু নির্মাণ ও নদীভাঙনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। এলাকার মানুষের স্বার্থরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানাতেও তাঁর আপত্তি নেই।
গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটা পরিচালনার বিরুদ্ধে এর আগেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
Leave a comment