সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর দিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। একই সঙ্গে ব্যবসায়ীদের সুবিধার্থে নির্দিষ্ট শর্তে ভবনের আংশিক ব্যবহার ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
চার দিনব্যাপী অংশীজন সভার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ‘সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ’ (সারেগ)-এর প্রতিনিধিদের সঙ্গে সিউকের সভায় এসব কথা বলা হয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সিউকের নির্বাহী পরিচালক সাদিদ উর রহিম জাদিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আবাসন খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।
ব্যবসায়ীদের সুবিধার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নিয়ম মেনে কাজের প্রক্রিয়ায় গতি আনতে এবং ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে আংশিক ব্যবহার ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা রাখা হবে। এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভবনের প্রস্তুত করা অংশ ব্যবহার করা সম্ভব হবে।
সভায় সারেগের সভাপতি মো. আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক শাহ আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সারেগের নেতারা সিলেটে টেকসই আবাসনব্যবস্থা গড়ে তোলার স্বার্থে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান।
Leave a comment